প্রিন্ট এর তারিখঃ Oct 27, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 27, 2026 ইং
প্রশ্নফাঁসের অভিযোগে সিরাজগঞ্জের জেলা খাদ্য নিয়ন্ত্রক খাদ্য অধিদপ্তরে সংযুক্ত

প্রশ্নফাঁসের অভিযোগে সিরাজগঞ্জের জেলা খাদ্য নিয়ন্ত্রক খাদ্য অধিদপ্তরে সংযুক্ত
মো: সুলতান মাহমুদ, সিরাজগঞ্জ প্রতিনিধি:
যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় নাম আসায় সিরাজগঞ্জের জেলা খাদ্য নিয়ন্ত্রক হারুন অর রশিদকে খাদ্য অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে। রবিবার (২৫ অক্টোবর) তাঁকে এই বদলি করা হয়।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে রাজশাহী বিভাগীয় আঞ্চলিক খাদ্য কর্মকর্তা এস এম কায়ছার আলী বদলির বিষয়টি নিশ্চিত করলেও কী কারণে তাঁকে বদলি করা হয়েছে, সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।
জানা গেছে, গত ১০ অক্টোবর সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা পদে ২৪২টি শূন্য পদের এমসিকিউ বাছাই পরীক্ষা শুরুর ঠিক আগমুহূর্তে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে এবং পরীক্ষা স্থগিত করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলার তদন্তে সম্পৃক্ততার অভিযোগে এ পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বিভিন্ন গণমাধ্যমে এ ঘটনার সঙ্গে হারুন অর রশিদের নাম প্রকাশিত হওয়ার পর থেকেই আলোচনা শুরু হয়। তাঁর কার্যালয়ের প্রধান সহকারী কামরুল ইসলাম জানান, গত ১৪ অক্টোবরের পর তিনি গত ২৫ অক্টোবর অফিসে আসেন। তবে এই বদলির সঙ্গে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের কোনো সরাসরি যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক ফুলতলা প্রতিদিন